প্রিয় চা
অঞ্জন দত্ত “তুমি না থাকলে” গানটা কার উদ্দেশ্যে লিখেছিলেন জানি না। আমি যদি কোনোদিন এইরকম গান লিখি, আমার গানের ‘তুমি’টা হবে তুমি – আমার প্রিয় চা। তুমি আছো বলেই আজ-ও সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে। কাপ হাতে তোমার উষ্ণতাকে নিজের করে নিতে পারি বলেই আজও আমার হৃৎপিণ্ড জেগে আছে। আমার প্রিয় খয়রি চা, তুমি সাথে থাকলে, তুমি কাপে থাকলে পৃথিবীর সমস্ত বাধা বিপত্তির সম্মুখীন হতে রাজি আমি।
প্রিয় চা, তোমার সাথে আমার প্রেম ঠিক শ্রীকান্ত আর রাজলক্ষীর প্রেমকাহিনীর মত। প্রথম যেদিন চা-এর দোকানে তোমার সান্নিধ্য পেয়েছিলাম, তুমি আমার আঙ্গুল দিয়েছিলে পুড়িয়ে। বুঝিনি অত সহজে তুমি আমার কাছে ধরা দিতে চাইছিলে না। ধীরে ধীরে তুমি “ঠান্ডা” হলে, কিন্তু তোমার উষ্ণতা কমলনা। সেই যে আমাকে মায়ার বাঁধনে আবদ্ধ করলে, তোমাকে ছাড়া আমি আর আমার সকাল, বিকেল, সন্ধ্যা কল্পনা করতে পারি না।
আমার প্রিয় খয়রি চা, আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছিলে যেদিন কফির সাথে আমি পরকীয়াতে জড়িয়ে পড়ি। কফি আমাকে অনেক কিছু দিয়েছিল, যা তুমি দিতে পারোনি… কিন্তু তার আর আমার সম্পর্কে একটা অজানা না পাওয়ার অনুভূতি আমাকে তাড়া করে বেড়াত। কেউ যদি এসে আমাকে বলে, “তোমাকে পৃথিবীর সমস্ত মণিমুক্ত দেব, কিন্তু তুমি আর গঙ্গার ওপর উদিত সূর্যের সোনালী আলোর মায়া কোনোদিন দেখতে পাবে না।” আমি বলব, “চুলোয় যাক সব মণি মুক্ত, আমাকে আমার সোনালী সূর্যোদয় ফিরিয়ে দাও।” প্রিয় চা, তুমি আমার সূর্যোদয়, চুলোয় যাক কফি।